বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক:
বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলায় বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর গাছা নিলয় নাসিম চৌধুরীর বাংলোতে এ আয়োজনে সমিতির সদস্যবৃন্দ আনন্দঘন পরিবেশে একত্রিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব নাসিম চৌধুরী। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব শাহীন শিকদার। এ পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা হয় সকালের নাস্তা (ব্রেকফাস্ট) পরিবেশনের মধ্য দিয়ে। পরে উপস্থিত সদস্যরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, কুশলাদি আলোচনা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময়ে অংশ নেন।
সভাপতি শাহীন শিকদার তাঁর বক্তব্যে বলেন, “বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি বৃহত্তর বরিশালের মানুষের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও ঐক্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে বৃহত্তম বরিশাল কল্যাণ সমিতির সদস্যরা কোনরকম কোন অসুবিধায় পড়লে সার্বিক সহযোগিতায় এগিয়ে এসে উপকার করতে হাত বাড়াতে দৃঢ় প্রত্যাই। আর
এ ধরনের পুনর্মিলনী আমাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।”
উপদেষ্টা নাসিম চৌধুরী বলেন, “ঈদ আনন্দের উৎসব। এই আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক বন্ধন সুসংহত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনসহ সমিতির অন্যান্য কর্মকর্তা, নির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ব্যাপারে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বৃহত্তর বরিশালের ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রবাসী ও গাজীপুর বাসী বরিশাল অঞ্চলের মানুষের কল্যাণে আরও কার্যকর কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সকলের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দ, উচ্ছ্বাস ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে সমিতির উত্তরোত্তর সাফল্য, সদস্যদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ আন্তরিকতা ও শুভকামনা জানানো হয়।