সড়কে নামাজে নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গ সরকারের
বাংলা মাত্রা আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৬, ১১:২৯
গত বছর কলকাতার রেড রোডে ঈদের জামাত। ছবি: সংগৃহীত
গত বছর কলকাতার রেড রোডে ঈদের জামাত। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পরই সড়কে নামাজ পড়া বন্ধে পদক্ষেপ নিয়েছে। দলটির বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন ইতোমধ্যে এ বিষয়ে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
বিজেপি বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন, এখন থেকে রাস্তায় কোনও ধর্মীয় জমায়েত বা প্রার্থনা মেনে নেওয়া হবে না।
কলকাতার রেড রোডে আয়োজিত বড় জমায়েত প্রসঙ্গে অর্জুন সিং জানান, রেড রোডের মতো জায়গায় এ ধরনের জমায়েত আর দেখা যাবে না। একে ‘আদালতের নির্দেশ’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, বিচারবিভাগীয় নির্দেশ মেনেই সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করবে।
নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গরু পাচারের মতো ঘটনার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে নতুন সরকার। অর্জুন সিং বলেন, যারা গরু পাচারের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত রেড রোডে ঈদের জামাত নিয়ে গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ওই এলাকায় প্রথমে নামাজের অনুমতি দেয়নি ভারতীয় সেনাবাহিনী। সামরিক ব্যবহারের কারণ দেখিয়ে আপত্তি জানানো হলেও পরে প্রশিক্ষণ সূচিতে পরিবর্তন এনে ঈদুল আজহার নামাজের অনুমতি দেওয়া হয়। নেতাজি মূর্তি থেকে ফোর্ট উইলিয়ামের প্রবেশপথ পর্যন্ত ওই এলাকায় জামাত অনুষ্ঠিত হয়েছিল।