গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি লড়াইয়ে ঝরল ৫ প্রাণ, আশঙ্কাজনক ৩
গোপালগঞ্জ প্রতিনিধিঃ শেখ মো আরমান
তারিখ: ২৯ মে, ২০২৬
মোবাইল: ০১৭৯৩৭১২৪৭২
গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যকার এই মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী দূরপাল্লার বাস বেদগ্রাম এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনেরঃ
ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে প্রাণ হারান। একই সাথে বাসের সম্মুখভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতরে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ এবং গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন।
”আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।”
হাসপাতালে আশঙ্কাজনক ৩,
পরিচয় শনাক্তের চেষ্টাঃ
উদ্ধারকর্মীরা আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিহত ও আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় শনাক্তের জন্য তাদের সাথে থাকা মোবাইল ফোন এবং প্রযুক্তির সহায়তা নিচ্ছে।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ওই রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।